নিউজ ডেস্ক।।
নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী ইউনিয়নে আসামি গ্রেপ্তার অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের একাধিক সদস্য। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করেছে পুলিশ। পরে অভিযান চালিয়ে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বাখননগর বীরগাঁও ও সাতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন তাহসি বেগম, খোরশেদ মিয়া, রহিম মিয়া ও সোহাগী। তারা সবাই ওই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদী সদর মডেল থানার এসআই রামকৃষ্ণ দাস, কামরুজ্জামান খান, আল নোমান মুন্সি, এএসআই নাজমুল হোসেন, সুমন মিয়া এবং কনস্টেবল হাদিস মিয়া একটি মামলার তদন্ত ও আসামি গ্রেপ্তারের উদ্দেশ্যে স্পিডবোর্ডযোগে আলোকবালী ইউনিয়নের চরাঞ্চলে যান।
অভিযোগ রয়েছে, এলাকায় প্রবেশের পর স্থানীয়দের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘবদ্ধ একটি দল পুলিশ সদস্যদের বাধা দেয় ও তাদের ওপর হামলা চালায় বলে দাবি করা হয়।
খবর পেয়ে বিকেলে অতিরিক্ত পুলিশ, র্যাব এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রায় ৮০ সদস্যের একটি দল অভিযান চালায়। এ সময় দুই নারীসহ চারজনকে আটক করা হয়।
এ ঘটনায় এএসআই মো. নাজমুল হোসেন বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় মামলা করেন। মামলায় আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব রহমান হাবিবকে প্রধান আসামি করে ৫২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ১০০ থেকে ১২০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
ঘটনায় আহত পাঁচ পুলিশ সদস্য নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক গুলসান আরা কবির জানান, দুপুরে আহত কয়েকজন পুলিশ সদস্য হাসপাতালে এসে চিকিৎসা নেন এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
নরসিংদী সদর মডেল থানার ওসি এ আর এম আল মামুন বলেন, “তদন্ত ও কিছু এলাকায় পরিদর্শনের জন্য পুলিশ সেখানে গেলে তাদের কাজে বাধা দেওয়া হয়। পরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
তবে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক বলেন, “সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। পুলিশকে মারধরের বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
কুমিল্লা আদর্শ সদর-৩৫০০, মোবাইল : ০১৬৮২৯২৭২৯৩, Email: nagarbangla24@gmail.com
Copyright © 2026 nagarbangla24. All rights reserved.