নিউজ ডেস্ক।।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ঘিরে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। বাউশিয়া ইউনিয়নের মনাইরকান্দি গ্রামে ঘটে যাওয়া এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে বিভ্রান্তি ও উদ্বেগ।
ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায়, বিরোধে জড়িত উভয়পক্ষের সদস্যরা বিভিন্ন নাটকীয় কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। একটি ভিডিওতে এক নারীকে প্রতিপক্ষের দিকে ঢিল নিক্ষেপ ও উত্তেজিত আচরণ করতে দেখা যায়। অপর আরেকটি ভিডিওতে অন্য পক্ষের এক নারীকে নিজের বসতঘরের অংশবিশেষ ভাঙচুর করতে দেখা যায়, যা পরে প্রতিপক্ষের ওপর দোষ চাপানোর অভিযোগ উঠেছে।
সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে আরেকটি ভিডিও, যেখানে এক নারীকে তার ঘর ভাঙার প্রতিবাদে প্রতিপক্ষের এক বিএনপি নেতার দিকে ‘ফ্লাইং কিস’ দিতে দেখা যায়।ব্যতিক্রমী প্রতিবাদের এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা ও নানা প্রতিক্রিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলমান জমিসংক্রান্ত বিরোধ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি প্রচারণায় রূপ নিয়েছে। উভয় পক্ষই নিজেদের অবস্থান শক্ত করতে নানা কৌশল অবলম্বন করায় প্রকৃত ঘটনা নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে। এলাকাবাসীর দাবি, এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থেকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা জরুরি। একই সঙ্গে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
কুমিল্লা আদর্শ সদর-৩৫০০, মোবাইল : ০১৬৮২৯২৭২৯৩, Email: nagarbangla24@gmail.com
Copyright © 2026 nagarbangla24. All rights reserved.