নিউজ ডেস্ক।।
পাবনার ঈশ্বরদীতে একটি বিদ্যালয়ে ক্লাস চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে অন্তত ৭০ জনেরও অধিক শিক্ষার্থী।
বুধবার (১৩ মে) দুপুর ২টার দিকে উপজেলার মুলাডুলি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার মুলাডুলি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির বালিকা শাখায় দুপুরের টিফিন শেষ করে দুইটার দিকে ক্লাস শুরু হলে রুমের ভিতরে পাওয়া একটি প্লাস্টিকের ডোপ থেকে পাওয়া গন্ধে প্রথমে দুজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এরপর একে একে প্রায় ৭০ জন শিক্ষার্থী অসুস্থ হয়। এছাড়াও আতঙ্কে ৭ম শ্রেণি ও অষ্টম শ্রেণির কিছু শিক্ষার্থীও অসুস্থ হয়।
এরপর শিক্ষকরা বিষয়টি বুঝতে পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে শিক্ষার্থীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
মুলাডুলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) বাসনা রানী বলেন, দুপুরের দিকে হঠাৎ ৬ষ্ঠ শ্রেণির বালিকা শাখার দুজন শিক্ষার্থী অসুস্থ হয়। এরপর দেখি অনেকের মাথা ঘুরানি, মাথা ব্যথা, বমি বমি ভাব। একে একে অনেকেই অসুস্থ হয়েছে। এরপর আমরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। রুমে একটি প্লাস্টিকের ডোপ পাওয়া গেছে। চিকিৎসকরা জানিয়েছে- এটা উকুন মারা ওষুধ। হয়ত এটা থেকেও হতে পারে। অনেকই সুস্থ হয়ে গেছে। তবে, আমরা খুবই মর্মাহত হয়েছি। সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. কাবেরী সাহা বলেন, হঠাৎ করেই হাসপাতালে স্কুল ড্রেস পড়া অনেকগুলো শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় নিয়ে আসে। সবাইকে আমরা চিকিৎসা দিচ্ছি। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। প্রয়োজনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর ২টার দিকে ক্লাস রুমে হঠাৎ দু'একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এরপর একে একে ৭০ জনেরও বেশি শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এদের তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখন অনেকেই সুস্থ হয়েছে।
এসব কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, রুমের মধ্যে একটি ডোপ পাওয়া গেছে। ওই ডোপ থেকে নাকি অন্য কিছু থেকে অসুস্থ হয়েছে এখনি বলা যাচ্ছে না। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।
কুমিল্লা আদর্শ সদর-৩৫০০, মোবাইল : ০১৬৮২৯২৭২৯৩, Email: nagarbangla24@gmail.com
Copyright © 2026 nagarbangla24. All rights reserved.