নিউজ ডেস্ক।।
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক থাকা চার পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে পৃথক চারটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির অনুমোদনের পর প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন, র্যাব-১৪ এর (ময়মনসিংহ) অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, রাজারবাগ পুলিশ টেলিকম সংস্থার টেলিকম অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মাহমুদুল হাসান এবং জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মিতু বিশ্বাস এবং সাবেক শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (বর্তমানে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত ও পলাতক) আফজালুন নেছা।
এ প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা) কাজী সাইফুল ইসলাম বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পুলিশের অন্তত ৮২ জন ক্যাডার কর্মকর্তা পলাতক আছেন। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বরখাস্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে ৫৭ জনের তালিকা।
এর মধ্যে চারজনকে বরখাস্তের প্রজ্ঞাপন জারি হয়েছে। বাকিদেরও পর্যায়ক্রমে বরখাস্ত করা হবে।