নিউজ ডেস্ক:
সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ, মোবাইল ফোন কেড়ে নিয়ে ফেলে দেওয়া এবং বাড়িতে গিয়ে হাত-পা ভেঙে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ ওঠা সেই পরিবার কল্যাণ পরিদর্শিকাকে বদলি করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) পরিবার পরিকল্পনা, টাঙ্গাইলের উপপরিচালক মীর সাজেদুর রহমান ও সহকারী পরিচালক জুলেখা খানম স্বাক্ষরিত এক আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়।
আদেশে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা ফরিদাকে বদলি করে জেলার দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, নরমাল ডেলিভারির সময় দুই নবজাতকের মৃত্যুর অভিযোগের তথ্য জানতে গিয়ে ভিডিও ধারণ করায় এক স্থানীয় সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ, মোবাইল ফোন কেড়ে নিয়ে ফেলে দেওয়া এবং বাড়িতে গিয়ে হাত-পা ভেঙে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে ওই পরিবার কল্যাণ পরিদর্শিকার বিরুদ্ধে।
গত ১৮ আগস্ট মঙ্গলবার উপজেলার গোবিন্দাসী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহমিনা তাবাসসুম ও উপজেলা পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডা. সোনিয়া আক্তারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে গত ২৩ আগস্ট গোবিন্দাসী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঘটনাটি তদন্ত করা হয় বলে জানিয়েছেন তদন্ত কমিটির সদস্যরা। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে গত ২ সেপ্টেম্বর পরিবার কল্যাণ পরিদর্শিকা ফরিদাকে বদলির আদেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।