বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

এবার ঈদ উপলক্ষ্যে দ্রব্যমূল্য বাড়েনি বরং কিছুটা কমেছে: অর্থমন্ত্রী

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

নিউজ ডেস্ক।।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমার যতটুকু জানা, এবার কোরবানির ঈদ উপলক্ষ্যে দ্রব্যমূল্য বাড়েনি, বরং কিছুটা কমেছে। আমরা এই ধারা অব্যাহত রাখতে চাই। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য রাখার চেষ্টা করছি। বাংলাদেশের অর্থনীতির সুফল সাধারণ মানুষকে পেতে হবে।

তিনি বলেন, শুধু প্রবৃদ্ধির কথা চিন্তা করলে হবে না। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও বিগত সরকারগুলোর রেখে যাওয়া অর্থনৈতিক বাস্তবতায় সরকারকে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার (২৮ মে) চট্টগ্রামে নিজ বাড়ি সংলগ্ন মসজিদে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। নগরের উত্তর কাট্টলী দারুস সালাম জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী বলেন, দ্রব্যমূল্য যদি মানুষের আওতার বাইরে চলে যায়, তাহলে তারা বঞ্চিত হয়। আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। আশা করি, ক্রমান্বয়ে দ্রব্যমূল্য কমে আসবে।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রসঙ্গ টেনে অর্থমন্ত্রী বলেন, একটু সময় দিতে হবে। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে, তার প্রভাব রয়েছে। এছাড়া বিগত সরকারগুলোর কাছ থেকে আমরা যে অর্থনীতি পেয়েছি, সেটি ছিল ভঙ্গুর। সেই অর্থনীতিকে আগে সঠিক জায়গায় আনতে হচ্ছে। তারপর সমৃদ্ধির পথে এগোতে হবে। এ জন্য দেশবাসীর কাছে আমি একটু সময় চাইছি।

তিনি আরও বলেন, একটি ভঙ্গুর অর্থনীতিকে সঠিক জায়গায় এনে তারপর সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেশের মানুষের কাছে আমাদের একটি আকুতি ও আবেদন, এই সময়টুকু আমাদের দিন। আমরা একটি নির্বাচিত সরকার, জনগণের কাছে দায়বদ্ধ। এটি জনগণের কল্যাণের সরকার। আমরা একটি কল্যাণকর রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category