নিউজ ডেস্ক।।
পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে তৃতীয় দিনের মতো কোরবানির বর্জ্য অপসারণে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির দাবি, ঈদের দিন থেকে শুরু হওয়া বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় । আজ শনিবার (৩০ মে) দুপুর ১২টা পর্যন্ত ২৮ হাজার টনের বেশি কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে।
যদিও ঈদুল আজহার প্রথমদিন রাত ৯টার মধ্যে কোরবানির সব বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। তবে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। গতকাল শুক্রবার সকালেও রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির বর্জ্য পড়ে থাকতে দেখা যায়। অবশ্য শুক্রবার সকাল থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম গতি পায়। এতে দুপুরের মধ্যেই অধিকাংশ এলাকার কোরবানির বর্জ্য অপসারণ করা হয়।
ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) দুপুর ১২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে ডিএসসিসি। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, শনিবার দুপুর ১২টা পর্যন্ত মোট ২৮ হাজার ৪২৮ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে।
এর মধ্যে ঈদের তৃতীয় দিন অর্থাৎ আজ শনিবার ৪ হাজার ৬৩৭ টন বর্জ্য মাতুয়াইল ল্যাডফিল্ডে চূড়ান্ত ডাম্পিং করা হয়। এর আগে ঈদের দিন ২৮ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ১৪ হাজার ৮১৪ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করা হয়।এরপর ঈদের পরের দিন শুক্রবার (২৯ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ৮ হাজার ৯৭৭ টন বর্জ্য চূড়ান্ত ডাম্পিং করা হয় মাতুয়াইল ল্যাডফিল্ডে।