বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

মোহাম্মদপুরে বাসার গেটে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, গ্রেপ্তার ২

Reporter Name
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

নিউজ ডেস্ক।।

ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীর মোহাম্মদপুরে বাসায় ফেরার পর গেটের সামনে দুই নারী ছিনতাইয়ের শিকার হয়েছিলেন। আলোচিত এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন মো. জুয়েল ও আনোয়ার হোসেন।

মঙ্গলবার (২ জুন) নারায়ণগঞ্জ থেকে র‍্যাব-২ ও মোহাম্মদপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আজ দুপুরে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদপুরে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ২টি চাপাতি, ১টি পিকআপসহ ছিনতাই করা মালামাল এবং ৩টি ব্যাগ জব্দ করা হয়েছে।

র‍্যাব-২ এর উপপরিচালক (গণমাধ্যম) মেজর এম মুবীন রহমান তাপস বলেন, ছিনতাইয়ের ঘটনার সন্দেহভাজন প্রধান আসামি জুয়েলকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

জানা যায়, জুয়েলের বিরুদ্ধে রাজধানীসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর আগে গত শনিবার দিনগত রাত ৩টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডে ঈদুল আজহার ছুটি শেষে বাসার ফিরে প্রধান ফটকের সামনে ছিনতাইয়ের শিকার হন দুই নারী।

চাপাতির ভয় দেখিয়ে তাদের সঙ্গে থাকা মালামাল ও লাগেজ নিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা। ভিডিওতে দেখা যায়, রিকশা থেকে নেমে দুই নারী তাদের বাসার গেটের সামনে দাঁড়িয়ে বাসার ভেতরে ঢোকার অপেক্ষা করছেন। তাদের পাশে রিকশাচালকও দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করেই চাপাতি হাতে এক ব্যক্তি সেখানে হাজির হন, তার আরেকজন সহযোগীও ছিলেন।

তারা চাপাতি দিয়ে ভয় দেখিয়ে মুহূর্তের মধ্যে দুই নারীর সঙ্গে থাকা লাগেজ, ব্যাগসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যান। পুলিশ জানায়, ভুক্তভোগী দুই নারী ঠাকুরগাঁও থেকে বাসে করে শ্যামলীতে নামেন। সেখান থেকে একটি রিকশা নিয়ে তারা মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাসার সামনে আসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category