বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

কুড়িগ্রামে স্ত্রীকে গাছে বেঁধে পেটানো বদিউজ্জামান এবার মাদকসহ আটক

Reporter Name
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

নিউজ ডেস্ক।

কুড়িগ্রামের রৌমারীতে স্ত্রীকে গাছে বেঁধে পেটানোর ঘটনায় দেশজুড়ে আলোচিত বদিউজ্জামান এবার ইয়াবাসহ আটক হয়েছেন। বিজিবির অভিযানে আটক হওয়ার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ওসি কাওছার আলী। আটক বদিউজ্জামান (৬০) উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছোটধনলো এলাকার বানিজ উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বদিউজ্জামান ও তার স্ত্রী ছালেহা বেগম উভয়ের বিরুদ্ধেই একাধিক মাদক মামলা রয়েছে।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ইমাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সীমান্ত পিলার ১০৫৬ সংলগ্ন দাঁতভাঙ্গা বাজার এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় ১১ পিস ভারতীয় ইয়াবাসহ বদিউজ্জামানকে আটক করা হয়।
অভিযানে তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি সিমকার্ড ও নগদ টাকাও জব্দ করা হয়েছে। পরে আটক ব্যক্তি ও জব্দ আলামত আইনি প্রক্রিয়া শেষে রৌমারী থানায় হস্তান্তর করা হয়।

রৌমারী থানার ওসি কাওছার আলী বলেন, ‘বিজিবি ইয়াবাসহ একজনকে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বংশিপাড়া এলাকায় করলা চুরির অভিযোগ তুলে স্ত্রী ছালেহা বেগমকে গাছে বেঁধে অমানবিকভাবে পেটান বদিউজ্জামান। সেই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় ওঠে।

তবে ঘটনার পর রহস্যজনকভাবে নির্যাতিতা ছালেহা তার স্বামীর নাম বাদ দিয়ে গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করেন। পরে প্রকৃত ঘটনা তুলে ধরে সংবাদ সম্মেলন করেন স্থানীয়রা।

স্ত্রী নির্যাতনের সেই ভাইরাল ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মাদকসহ আটক হয়ে ফের আলোচনার কেন্দ্রে উঠে এলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category