নিউজ ডেস্ক।।
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা করা হয়েছে। শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর এই হামলা হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট থানায় মামলা করতে যান, তবে তার মামলা গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন এনসিপির এই নেত।
শুক্রবার (২২ মে) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ অভিযোগ তোলেন। সংক্ষিপ্ত ওই পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘বিচারের আশায় থানায় এসেছি, কিন্তু মামলা গ্রহণ করা হচ্ছে না।
এর আগে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমআর নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু করে।
তিনি আরও বলেন, ‘প্রথমে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। আমাকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয়।
অভিযোগ করে এনসিপির এই নেতা বলেন, ‘হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে। ঘটনার পর আমরা বর্তমানে থানায় অবস্থান করছি এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। ছাত্রদল, যুবদল, বিএনপি আবার থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে।