বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

মহাসড়কের দুই পাশে থাকা অবৈধ তিন শতাধিক স্থাপনা উচ্ছেদ

Reporter Name
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

নিউজ ডেস্ক।।

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ককে যানজটমুক্ত ও সুশৃঙ্খল করতে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে কুমিল্লা সড়ক ও জনপদ (সওজ) বিভাগ।

বুধবার দিনব্যাপী পরিচালিত এই অভিযানে লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ বাজারের দুই পাশে গড়ে ওঠা ছোট-বড় তিন শতাধিক অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

আজ বুধবার সকাল ১১টা থেকে শুরু হওয়া এই উচ্ছেদ অভিযান চলে বিকেল পর্যন্ত। মহাসড়কের জায়গা দখল করে গড়ে ওঠা দোকানপাট, আধা-পাকা স্থাপনা ও অবৈধ অস্থায়ী কাঠামো উচ্ছেদে ব্যবহার করা হয় ভারী যন্ত্রপাতি।

সড়ক ও জনপদ বিভাগ জানায়, দীর্ঘদিন ধরে এই বাজারে অবৈধ দখলের কারণে তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল, যা সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। জনস্বার্থে সড়ক বিভাগ থেকে আগে কয়েক দফায় নোটিশ প্রদান করা হয়েছিল এবং মাইকিং করে স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছিল। কিন্তু দখলদাররা সওজের নির্দেশনা অমান্য করায় এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন লাকসাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা এবং কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. আদনান ইবনে আলম। অভিযান চলাকালীন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিল।

অভিযান শেষে কর্মকর্তারা জানান, মহাসড়কের পাশে আবারও যেন কেউ অবৈধভাবে দখল নিতে না পারে, সে বিষয়ে নিয়মিত নজরদারি রাখা হবে। জনস্বার্থে সড়কের শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category