বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

মাগুরার মহম্মদপুরে গোপনে বিক্রির সময় টিসিবির ৪৩৪ কেজি চাল জব্দ

Reporter Name
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

নিউজ ডেস্ক।।

মাগুরার মহম্মদপুর উপজেলার নাগড়া এলাকায় হতদরিদ্রের জন্য সরকারের বরাদ্দ করা টিসিবির চাল গোপনে বিক্রির অভিযোগে ৪৩৪ কেজি চালসহ একটি ইজিবাইক আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ উঠেছে, টিসিবি কার্ডধারীদের প্রাপ্য চাল আত্মসাৎ করে তা বাজারে বিক্রি করা হচ্ছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাল জব্দ করে।

বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার হাটবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাগড়া বাজারের টিসিবি ডিলার বাবু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম বাবু দীর্ঘদিন ধরে টিসিবির চাল, চিনি, তেলসহ বিভিন্ন সরকারি পণ্য গোপনে বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। আজ উপকারভোগীদের মধ্যে বিতরণ না করে ৪৩৪ কেজি সরকারি চাল অন্যত্র বিক্রি করা হয়। পরে চালগুলো ইজিবাইকে করে পাচারের সময় স্থানীয় জনতা হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়।

স্থানীয় ক্রেতা মো. ফারুক বিশ্বাস জানান, তিনি মূলত বস্তা কিনতে গিয়েছিলেন। এ সময় তাঁকে ৩০ টাকা কেজি দরে চাল কেনার প্রস্তাব দেওয়া হয়। তবে এটি সরকারি টিসিবির চাল ছিল, তা তিনি জানতেন না বলে দাবি করেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অসহায় মানুষের জন্য বরাদ্দ করা সরকারি খাদ্যপণ্য বছরের পর বছর ধরে প্রভাব খাটিয়ে বাইরে বিক্রি করা হচ্ছিল। তাঁরা বলেন, গরিবের মুখের খাবার লুট করে যাঁরা ব্যবসা করেন, তাঁদের বিরুদ্ধে শুধু সাময়িক ব্যবস্থা নয়, কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

অভিযুক্ত ডিলার রফিকুল ইসলাম বাবু চাল বিক্রির বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমি গত মাসের জমা করা চাল বিক্রি করেছি।

সরকারি চাল বাইরে বিক্রির নিয়ম আছে কি না—জানতে চাইলে বাবু বলেন, ‘অনেকেই চাল নিতে চান না, টাকা নিতে চান। তাই বিক্রি করেছি।
সরেজমিনে ডিলারের ঘরের ভেতরে টিসিবির চালের খালি বস্তা এবং চিনি ও তেল মজুত অবস্থায় দেখা যায়। ঘটনাটি এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

এ বিষয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. শাহনুর জামান বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category