বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

যশোরে আলোচিত-শীর্ষ সন্ত্রাসী খোঁড়া কামরুল গ্রেপ্তার

Reporter Name
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

নিউজ ডেস্ক।।

যশোরে অস্ত্র মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে জেলার আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মোঃ কামরুল ইসলাম ওরফে ‘খোঁড়া কামরুল’ (৪৭)-কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশ বলছে, তিনি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কেনাবেচা, অস্ত্র সরবরাহ এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

ডিবি সূত্র জানায়, যশোর কোতয়ালী মডেল থানার অস্ত্র আইনের একটি মামলার তদন্ত চলাকালে গ্রেপ্তার দুই আসামির দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে খোঁড়া কামরুলের নাম উঠে আসে। পরে সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ সালাউদ্দিন খান জানান, কোতয়ালী মডেল থানার মামলা নং-২৪/২৮৪, তারিখ ৬ এপ্রিল ২০২৬-এর তদন্তে গ্রেপ্তার আসামি খালিদুর রহমান টিটু ও শেখ মইনুদ্দিন ফেরদৌস আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেন। তাদের জবানবন্দীতে উল্লেখ করা হয়, মামলায় জব্দ হওয়া একটি ৭.৬৫ বোর বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং এক রাউন্ড তাজা গুলির কেনাবেচার সঙ্গে খোঁড়া কামরুল জড়িত ছিলেন।

এ তথ্যের ভিত্তিতে ডিবির একটি বিশেষ টিম শনিবার (৩০ মে) বিকেল ৩টার দিকে যশোর শহরের মিশনপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় বিটিএস শখের কুঠির ভবনের নিচতলায় ভাড়া নেওয়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে ডিবি জানতে পেরেছে, খোঁড়া কামরুল অপরাধী চক্রের কাছে অস্ত্র ও বিস্ফোরক সরবরাহের পাশাপাশি যশোর শহর ও আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, খোঁড়া কামরুলের বিরুদ্ধে এর আগেও হত্যা, অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজি, বিশেষ ক্ষমতা আইন ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ২০টি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে ১টি হত্যা মামলা, ৬টি অস্ত্র মামলা, ৪টি বিস্ফোরক মামলা, ১টি বিশেষ ক্ষমতা আইনের মামলা, ১টি মাদক মামলা এবং চাঁদাবাজিসহ অন্যান্য ৭টি মামলা।

ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে এবং তার বিরুদ্ধে চলমান মামলার তদন্ত অব্যাহত রয়েছে। একই সঙ্গে তার অস্ত্র ব্যবসার নেটওয়ার্ক ও সহযোগীদের শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category