বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

নান্দাইলে দুই গ্রামের মুখোমুখি অবস্থান, ১৪৪ ধারা জারি

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

নিউজ ডেস্ক।।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া এলাকায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে চলমান বিরোধ ও সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে এ আদেশ জারি করেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, খারুয়া ইউনিয়নের খারুয়া বাজার এলাকায় মাত্র দুই শতক জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল খারুয়া গ্রামের আব্দুর রউফ ভূঁইয়া ও পাশের নরেন্দ্রপুর গ্রামের শওকত আলীর মধ্যে। এ বিরোধকে কেন্দ্র করে গত কয়েক দিনে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। বুধবার ও বৃহস্পতিবার বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আট রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

জারি করা আদেশে বলা হয়, খারুয়া বাজার ও আশপাশের এলাকায় কয়েকদিন ধরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ, অস্ত্রের মহড়া ও দাঙ্গা-হাঙ্গামার ঘটনা ঘটছে। জননিরাপত্তা নিশ্চিত এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ আদেশের আওতায় খারুয়া বাজার ও সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, মাইক ব্যবহার, লাঠিসোঁটা ও আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। তবে দায়িত্ব পালনরত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

ইউএনও ফাতেমা জান্নাত বলেন, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপ্রীতিকর ঘটনা এড়ানোর লক্ষ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এলাকায় পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন,  দুই পক্ষের মধ্যে পুনরায় সংঘর্ষের আশঙ্কা ছিল। তাই দুই পক্ষের সঙ্গেই আমরা কথা বলেছি। তাদের নিয়ে আমরা বসব, তাদের সমস্যা জানব। এরপর পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

স্থানীয় সূত্র জানায়, বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে সম্প্রতি উত্তেজনা চরমে পৌঁছে। বুধবার আব্দুর রউফ ভূঁইয়ার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। পরদিন দুই গ্রামের লোকজন মুখোমুখি অবস্থান নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এ বিষয়ে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category