নিউজ ডেস্ক।।
বিএনপি সরকারের লক্ষ্য পরিষ্কার, বাংলাদেশ ও দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা বলে জানিয়েছেন-প্রধানমন্ত্রী তারেক রহমান
আজ বুধবার (১৭ জুন) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌঁছে দুপুরে ভিক্টোরিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন শেষ প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের প্রচার সিলেটের মাটি থেকে শুরু হয়েছিল। হবিগঞ্জে ঘোষণা দিয়েছিলাম চা বাগানের নারী শ্রমিকদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিব। আজ শ্রীমঙ্গলের মাটিতে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হলো।

সরকার প্রধান বলেন, আগামী ১ বছরের মধ্যে সকল নারী চা শ্রমিকদের ফ্যামিলি কার্ড দেয়া হবে। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। পুরুষদের পাশাপাশি নারীদের স্বাবলম্বী করতে চায় সরকার। তারেক রহমান বলেন, চা শ্রমিকদের ঘর করে দিতে ৫০ জনকে দুই লাখ টাকা দিচ্ছে সরকার। ১৫০ জন চা শ্রমিকদের সন্তানদের স্কলারশিপ দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, জনগণের ভাগ্য পরিবর্তনের যে জন্য বাজেট দেয়া হয়েছে, একটি দল বলে এটা নাকি জনবিরোধী বাজেট। জনবান্ধব বাজেটকে যারা গনবিরোধী বাজেট বলে তারা জনগণের বন্ধু হতে পারে না। যারা জনগণকে বিভ্রান্তি করে তাদের বিরুদ্ধে সচেতন এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না, দেশের গণতন্ত্র কেউ নষ্ট করতে পারবে না। যদি দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে হয়, যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশকে গড়তে হয় তাহলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিভিন্ন সময়ে অনেকেই বিদেশে পালিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়া কখনো জনগণকে ছেড়ে যাননি। এ দেশেই আমাদের শেষ ঠিকানা। যারা বিভ্রান্ত করতে চায় তারা প্রশ্ন তোলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ ভাগ্য উন্নয়ন পরিকল্পনার টাকা কোথা থেকে আসবে? জনগণের টাকা জনগণকে ফেরত দেয়া হবে। জনগণের টাকা আর পাচার হতে দেয়া হবে না। জনগণের টাকা দিয়ে জনগণের জন্য দেশের কল্যাণে ব্যয় করা হবে। টাকার অভাব হবে না। যারা টাকা পাচার করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।