শিরোনাম :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বার্তা

Reporter Name
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

নিউজ ডেস্ক।।

দেশের মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে দীর্ঘদিনের জটিলতা দূর করতে উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এমইএমআইএস) প্রকল্পে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) ব্যবস্থা যুক্ত করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই ব্যবস্থার মাধ্যমে বেতন প্রদানের প্রক্রিয়া আরও দ্রুত ও স্বচ্ছ হবে। মঙ্গলবার (১৬ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদে মাদ্রাসা শিক্ষকদের বেতন বিলম্বের বিষয়টি আলোচনায় আসার পর সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। সংসদ সদস্য মো. নুরুল আমীন মাদ্রাসা শিক্ষকদের সময়মতো বেতন না পাওয়ার সমস্যার কথা তুলে ধরেছিলেন।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, ২০১৭ সালে প্রায় ১০ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে এমইএমআইএস প্রকল্পটি অনুমোদন করা হয়েছিল। তবে শুরুতে প্রকল্পে স্বয়ংক্রিয় ইএফটি সুবিধা না থাকায় দেশের অধিকাংশ মাদ্রাসায় বেতন-ভাতা প্রদানের ক্ষেত্রে ম্যানুয়াল পদ্ধতির ওপর নির্ভর করতে হয়েছে।

এই সমস্যার সমাধানে প্রকল্পে সংশোধনী আনা হয়েছে। গত ৯ জুন একনেক সভায় ইএফটি কার্যক্রম যুক্ত করে এমইএমআইএস সাপোর্ট প্রকল্পের সংশোধিত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সংশোধনের পর প্রকল্পের ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৩৮ কোটি ৭ লাখ টাকা।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, এর আগে দেশের আটটি বিভাগের মাত্র আটটি মাদ্রাসায় পরীক্ষামূলকভাবে ইএফটির মাধ্যমে বেতন দেওয়া হচ্ছিল। বাকি প্রতিষ্ঠানগুলোতে প্রচলিত পদ্ধতিতে বেতন প্রক্রিয়াকরণ হওয়ায় প্রতি মাসে কিছুটা বিলম্ব তৈরি হচ্ছিল। সরকারের আশা, নতুন ইএফটি ব্যবস্থা পুরোপুরি চালু হলে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের সমস্যা স্থায়ীভাবে সমাধান হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category